একুশে বার্তা প্রতিবেদন : আগামী ২৪ জুলাই থেকে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করবেন। এরই মধ্যে সারা দেশের ডিসিরা প্রস্তাবনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিভাগীয় কমিশনারকে চিঠি দেয়া হয়েছে।
জানা গেছে, মাঠ প্রশাসনকে চাঙ্গা রাখা, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গতি আনা, তৃণমূল পর্যায়ে সরকারের নীতি ও দর্শনের বাস্তবায়ন এবং পর্যালোচনা, সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত বছর ডিসি সম্মেলনে মোট ২২টি অধিবেশন হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ অংশগ্রহণকারী ৫২টি মন্ত্রণালয়ের ১৮টি কার্য অধিবেশন হয়। এবারও সম্মেলনে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব। ২০১৭ সালের সম্মেলনে জেলা প্রশাসকদের কাছ থেকে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৩৪৯টি প্রস্তাব দিয়েছিলেন ডিসিরা। এর মধ্যে ১৫০টি স্বল্পমেয়াদি, ১৩২টি মধ্যমেয়াদি এবং ১৪৭টি দীর্ঘমেয়াদি মোট ৪২৯টি সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক সম্মেলন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানে মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় শোনেন ও নির্দেশনা দেন। সংশ্লিষ্টরা বলছেন, এবার ডিসি সম্মেলনটা এমন সময় হচ্ছে, যা জাতীয় নির্বাচনকে সামনে রেখে। নির্বাচনের সময় ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেবিষয়ও দিকনির্দেশনা থাকতে পারে।
