নিউজ ডেক্স : ২ ফেব্রুয়ারি রোববার বিকেলে অমর একুশে বইমেলা ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছাত্রজীবনে ঘন্টার পর ঘন্টা বইমেলায় কাটাতাম, কিন্ত এখন সেই স্বাধীনতা নেই। তিনি বলেন, বাঙালির যা কিছু অর্জন তা রক্ত দিয়েই অর্জন করতে হয়েছে। ভাষা পাওয়ার ক্ষেত্রেও রক্ত দিতে হয়েছে।
শেখ হাসিনা বলেন, বিশ্বের সকল ভাষাগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, বিকাশ ও চর্চার লক্ষ্যে আমরা ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। জ্ঞানচর্চা ও পাঠচর্চা বিস্তারে গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রন্থমেলা এমন একটি মাধ্যম, যা জাতির অগ্রগতির ও উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গ্রন্থমেলা আমাদের অস্তিত্ব¡ , জীবনবোধ এবং চেতনাকে জাগ্রত করে।
বইয়ের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুকে যথাযথভাবে তুলে ধরতে প্রকাশক ও লেখকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের বিষদ বর্ণনা দেন তিনি।
তিনি বলেন, চীনে যাওয়ার আগে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করেছে, তারপরও তিনি চীনে গিয়ে নিজের দেশের দুর্নাম করেননি। এখন তো অনেকে বিদেশে গিয়ে যা ঘটেছে তার চেয়ে আরও বেশি করে বদনাম গায়।
বইমেলার উদ্বোধনী শেষে মেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ১০ জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন তিনি। বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
