বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী

নিউজ ডেক্স : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরী। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ মন্ত্রণালয়ে বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিকল্পনা কমিশনের সদস্যের দায়িত্ব থেকে ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য পদটিও সচিব পদমর্যাদার।

অন্যদিকে, মন্ত্রণালয়ের বর্তমান সচিব ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। তাঁর ছুটিতে যাওয়ার প্রেক্ষাপটে নতুন সচিব নিয়োগের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের বিমান পরিবহণ ও পর্যটন খাতের নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ মন্ত্রণালয়। বিমানবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন, আকাশপথে যাত্রীসেবা সম্প্রসারণ, নিরাপদ ও মানসম্মত বিমান চলাচল নিশ্চিত করা এবং পর্যটনশিল্পের বিকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয় এ মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে জড়িত।