ডেক্স রিপোর্ট : বঙ্গোপসাগরে প্রশিক্ষণ মহড়া চলাকালীন টেস্ট ফায়ারিংয়ে কার্তুজের বক্স বিস্ফোরণে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৬ নৌসেনা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সীমানার বাইরে মহেশখালী চ্যানেলের গভীর সাগরে এ ঘটনা ঘটেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনীর একটি জাহাজে গভীর সাগরে গিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ-সদস্যরা। অস্ত্র তাক করে অনুশীলনের সময় টেস্ট ফায়ারিংয়ের গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে দুই নৌসেনার মৃত্যু ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ৬ নৌসেনা আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত দুইজন জুনিয়র কমিশনড অফিসার বলে জানায় আইএসপিআর।
