বনানী ট্রাজেডি: অন্যের জীবন বাচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে গেলেন ফায়ারম্যান সোহেল রানা : প্রধানমন্ত্রীর শোক : তার মৃত্যুতে পুরনো ঢাকার অগ্নিকাণ্ডের মহড়া স্থগিত

একুশে বার্তা রিপোর্ট :  বনানী  ট্র্যাজেডির নায়ক সোহেল  রানা, অন্যের জীবন বাচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে গেলেন। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে সিংগাপুরে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে  ৯ এপ্রিল মঙ্গলবার রাজধানীর আরমানিটোলা মাঠে অগ্নিকাণ্ডের মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন ।

অগ্নিনিরাপত্তা ঝুঁকি কমাতে ও এ বিষয়ে সচেতন করতে কেমিক্যাল ব্যবসায়ীসহ পুরান ঢাকাবাসীকে ৯ এপ্রিল  আরমানিটোলা মাঠে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হওয়া কথা ছিল।

ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানার মৃত্যুতে   তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, অন্যের জীবন রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নেয় ২৬ জনের প্রাণ, আহত হন কমপক্ষে ৭০ জন।

অগ্নিকাণ্ডের পর কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন।

একপর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় তার একটি পা ভেঙে যায়।

সেই সময় তাকে দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৫ এপ্রিল তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

৮ এপ্রিল সোমবার  সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিট) চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন।