একুশে বার্তা ডেস্ক : নানা অনিয়মের অভিযোগ এনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছে বিএনপি।
আজ সোমবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই বর্জনের ঘোষণা দেন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি জানান, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পাটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থীরাও এই বর্জনের সঙ্গে একমত।
মজিবর রহমান বলেন, ‘সরকার ইচ্ছা করলে ঘোষণা দিয়েই এটা নিয়ে নিতে পারতো। ৯১ সাল থেকে আমি চারবার এমপি নির্বাচিত হয়েছি। এমন নির্বাচন আমি আর দেখি নাই।’
এর আগে সকালেই তার পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনেছিলেন বিএনপির এই প্রার্থী। এছাড়া দুপুর পর্যন্ত নির্বাচনে কোনো কেন্দ্রেই প্রকাশ্যে তার ব্যাজ ধারণ করে চলাফেরা করতে পারেননি কোনো কর্মী সমর্থক। বিভিন্ন কেন্দ্রগুলোতে ছিল আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থককের ভীড়।
এসবসহ ব্যাপক অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মজিবর রহমান সরোয়ার।
