স্টাফ রিপোর্টার : দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতকল্পে সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ ব্যাপারে ৮ জানুয়ারি এক প্রস্তুতিমুলক আলোচনাসভার আয়োজন করেছে বেবিচক কর্তৃপক্ষ। কাল (৮ জানুয়ারি) সকাল ১০ টায় বেবিচকের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কবীর ভুইয়া।
বেবিচক জন সংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউসার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বেবিচক কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বিমান দুর্ঘটনা পর্যালোচনা করে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতে বেবিচক ও সকল অংশীজনকে নিয়ে করণীয় বিষয়ক একটি আলোচনা ভার আয়োজন করা হয়েছে।
কর্মকর্তারা বলেন, এসব দুর্ঘটনা কিভাবে হয়েছে সে বিষয়ে শিক্ষা নিতে এবং বিমান চলাচল সুরক্ষা নিশ্চিত করতে বুধবার এ আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি এবং বিমান, সেনা, র্যাব, পুলিশসহ এভিয়েশন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
এ বিষয়ে বেবিচেকর চেয়ারম্যান গণমাধ্যমে জানান, গত দুই মাসে বিদেশে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রায় শতাধিক যাত্রী নিহত ও আহত হয়েছেন। এসব দুর্ঘটনার কারণ, শিক্ষামূলক অভিজ্ঞতাসহ বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনায় ১৭৯ জন বিমান যাত্রী নিহত হয়েছেন। গত বছর ২৯ ডিসেম্বর ১৮১ জন যাত্রী নিয়ে দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজু এয়ারলাইন্সের বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয় ফ্লাইটটি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালে ধাক্কা লেগে আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যান মাত্র দুজন ক্রু।
