„ভারতকে ১৩৩ রানে থামিয়ে দিল দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। পার্থ স্টেডিয়ামের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছেন বিরাট-যাদবরা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তোলে ভারত।

পার্থের বিশাল মাঠে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে অবশ্য খুব একটা সময় নেননি দক্ষিণ আফ্রিকার পেসাররা। দুর্দান্ত সুইং-বাউন্সে প্রথম ঘন্টার পুরোটাই জিতে নিয়েছেন এনগিডি-নর্টজেরা।

শুরুটা হয়েছে রোহিতকে দিয়ে। ১৫ রান করে ভারতীয় অধিনায়ক ক্যাচ দিয়ে ফেরেন এনগিডির বলে। একই ওভারে ফেরেন আরেক ওপেনার রাহুলও। দুই ওপেনারের বিদায়ের পর ২৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।

পঞ্চম উইকেটে দিনেশ কার্তিককে নিয়ে কিছুটা ইনিংস মেরামতের কাজ করছেন যাদব। যদিও ৫২ রানের সে জুটিতে কার্তিকের অবদান ছিল মাত্র ৬ রান। ৪০ বলে ৬৮ রান করে যাদব ফিরলে আবারও ভাটা পড়ে রানে। ১৩৩ রানে থামে ভারতের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন এনগিডি। তিনটি উইকেট পেয়েছেন ওয়াইন পার্নেল। আর একটি উইকেট গেছে নর্টজের ঝুলিতে।