একুশে বার্তা রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৭৯০ পিস ইয়াবাসহ মো. সুজন মিয়া (২৮) নামের একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সুজন মিয়া জামালপুরের বক্সীগঞ্জের কুশলনগর গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।
এর আগে ইউ এস বাংলা এয়ারলাইন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় ঢাকায় আসেন সুজন। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বর্হিগামী সড়কের গাড়িপার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি দেখে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে এএপির সদস্যরা। পরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন সুজন। এরপর বিশেষ কায়দায় আট ঘণ্টার চেষ্টায় ইয়াবাগুলো বের করা হয়।
এএপির অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ইয়াবাগুলোর বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছেন, বরিশালের জনৈক হাসানের অর্থায়নে তিনি ইয়াবাগুলো বহন করেছেন।
