সংবাদ সম্মেলনে সিএএবির চেয়ারম্যান : ৩ সদস্যের তদন্ত দল যাবে নেপালে

একুশে বার্তা ডেক্স : কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) একটি দল নেপাল যাবে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটির সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট চালু হলেই তদন্ত দল ঢাকা থেকে রওনা দেবে।

১২ মার্চ  সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান। তিনি বলেন, তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট এখন বন্ধ। ফ্লাইট চালু হওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত দল যাবে। নাইম হাসান আরও জানান, নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এ দুর্ঘটনায় কতজন মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি নাইম হাসান। তবে জানিয়েছেন, উড়োজাহাজটিতে ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ছিলেন ৬৭ এবং ক্রু ছিলেন চারজন।

নাইম হাসান জানান, নিয়ম অনুসারে এ ঘটনার তদন্ত করবে নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাংলাদেশের তদন্ত দলটি নেপালের সঙ্গে কাজ করবে।