সবাইকে একতাবদ্ধ হতে হবে, একদিকে থাকবে আ. লীগ, অন্যদিকে সব দল : মওদুদ

একুশে বার্তা প্রতিবেদন : আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল-মত, বুদ্ধিজীবী-পেশাজীবী ও সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পর আজ শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।
‘গণতন্ত্রে ফিরিয়ে আনতে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, ‘আমাদের সামনের আজকে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র ফিরিয়ে আনার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’
‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারই নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন সফল করার জন্য আমাদের সবাইকে এক হতে হবে।’
জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস বাকি উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী বলেন, ‘’যদি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, সত্যিকার অর্থে একটি নির্বাচন অনুষ্ঠান করতে চাই তাহলে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।এটা হবে অন্যতম শর্ত।’
‘আরেক হলো দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে। একদিকে থাকবে আওয়ামী লীগ। অন্যদিকে থাকবে সকল রাজনৈতিক দল-মত, বুদ্ধিজীবী-পেশাজীবী, সকল সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আগামীতে এই সরকারের কাছ থেকে যেটা আমরা চাই সেটা আদায় করতে হবে। সেটা কী? নির্বাচনের ৯০ দিনে আগে  সংসদ ভেঙে  দিতে হবে। সংসদ রেখে নির্বাচন করাটা হবে একটা নির্থক প্রচেষ্টা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভবপর হবে না। ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনের সময়ে সেনা মোতায়েন করতে হবে এবং আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা-মোকাদ্দমা আছে। রাজনৈতিক কারণে সেগুলো প্রত্যাহার করতে হবে।’

মওদুদ বলেন, ‘’তিনি(ওবায়দুল কাদের) বলেছেন, সংলাপের কোনো প্রয়োজন নাই। সংলাপের প্রয়োজন আপনারা বোধ করবেন। সময় আসলে অবশ্যই সংলাপে আসতে এই সরকার বাধ্য হবে। এটা সময়ের ব্যাপার। এটা এখন বলা যাবে না।’

এর আগে সকালে এক সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এখন সংলাপ চায়। এখন সংলাপের কোনো প্রয়োজন নাই।’

সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহহিল মাসুদ প্রমুখ বক্তব্য দেন।