‘সরকারের মূল্য উদ্দেশ্য বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা : নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা নিয়ে বসে আছে’

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মামলাটি সম্পূর্ণ জাল নথির উপর প্রতিষ্ঠিত। এখানে আইন-কানুন সবই এড়িয়ে যাওয়া হয়েছে শুধু খালেদা জিয়াকে জেলে রাখতে হবে সেজন্য। সরকারের  মূল উদ্দেশ্য বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা কল্পজগতে বাস করছেন।
আজ ৯ মার্চ শুক্রবার  সকালে প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গত ৮ মার্চ আমাদের কর্মসূচি চলাকালে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এক ছাত্রনেতাকে বিবস্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে। যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়।

সে রক্ষা পাওয়ার জন্য আমাকে জড়িয়ে ধরে। আমি তাকে রক্ষা করতে পারিনি। সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। রাজনীতিকে ধ্বংস করা হয়েছে। ফখরুল আরও বলেন, ‘দেশনেত্রীর সাজা হয়েছে, জামিন হওয়ার কথা। সেখানেও হস্তক্ষেপ। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তারেক রহমানকে যে বিচারক খালাস দিয়েছেন সেই বিচারক এখন দেশের বাইরে। তাহলে কোথায় গণতন্ত্র?’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনও সরকারের এজেন্ডা নিয়ে বসে আছে। এই নির্বাচন কমিশনকে গঠন করা হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য। নির্বাচনের আগে বলা হয়েছে এটা নিয়ম রক্ষার নির্বাচন। পরে আবার নির্বাচন দেওয়া হবে। কিন্তু এখন বলা হচ্ছে সংবিধানের আলোকে নির্বাচন হবে। এই সংবিধান কারা তৈরি করেছে? পৃথিবীর কোনও সংবিধানেরই একসঙ্গে এক তৃতীয়াংশের বেশি পরিবর্তন করা যাবে না। কিন্তু বাংলাদেশে তার ব্যতিক্রম।