একুশে বার্তা প্রতিবেদন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার অসন্তুষ্ট বিএনপি কেন ভাঙচুর করছে না। বিএনপি গাড়িতে ঢিল দিলে সেই সুযোগে আওয়ামী লীগ বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারত। আর অতীতের মতো বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিত। এবার এ সুযোগ না পাওয়ায় তারা মনোক্ষুণ্ণ।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া সুবিচার পাননি। মনোবল ভাঙার জন্য ইচ্ছা করে তাকে কারাগারে রেখেছে সরকার। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই তিনি কারাগারে গেছেন। রায় হয়েছে, জেলে গেছেন। তারপরও তিনি (খালেদা জিয়া) বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র নেত্রীর নির্দেশেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা মানববন্ধনের আয়োজন করে। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
