আন্তর্জাতিক ডেক্স : : দীর্ঘ এক মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ (৬৮) মঙ্গলবার লন্ডনে মারা গেছেন। তথ্যটি পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন। তার সন্তানেরা হলেন হাসান, হুসেন, মরিয়ম ও আসমা।
পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিক সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
সোমবার রাত থেকেই কুলসুম নওয়াজের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। এ সময় তার ফুসফুসে সমস্যা দেখা দেয়। গত বছরের আগস্ট মাসে লিমফোমার জন্য তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তখন থেকেই তিনি লন্ডনে রয়েছেন। এ সময়ে তার বেশ কয়েকটি সার্জারি করা হয় এবং ৫ বার কেমোথেরাপি দেওয়া হয়। এরই মধ্যে গত জুন মাসে তার হৃদরোগ দেখা দেয়। এরপর ১২ জুলাই তার পরিবার থেকে জানানো হয়, তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এর একদিন পরই নওয়াজ শরীফ ও মরিয়ম নওয়াজ পাকিস্তান ফিরে আসেন এবং এভেনফিল্ড দুর্নীতি মামলায় অ্যাকাউন্টিবিলিটি কোর্টের দেওয়া সাজা ভোগের জন্য কারাগারে প্রেরিত হন। তারা বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার পর কুলসুম নওয়াজ সংশ্লিষ্ট আসন থেকে উপ-নির্বাচনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। কিন্তু নির্বাচনে তিনি কোনো প্রকার প্রচার-প্রচারণা চালাতে পারেননি। তার হয়ে প্রচার চালিয়েছেন মরিয়ম নওয়াজ। উপনির্বাচনে প্রার্থী হওয়ার পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য লন্ডন চলে যান। কিন্তু পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি।
লাহোরের এক কাশ্মিরী পরিবারে কুলসুম ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তিনি উচ্চমাধ্যমিক পাস করেছেন ইসলামিয়া কলেজ এবং স্নাতক পাস করেছেন লাহোরের ফরম্যান খ্রিশ্চিয়ান কলেজ থেকে। ১৯৭০ সালে উর্দু ভাষায় স্নাতকোত্তর করেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৭১ সালে নওয়াজ শরীফের সঙ্গে তার বিয়ে হয়। তার বিবাহিত জীবন ছিল ৪৬ বছরের। উল্লেখ্য, কুলসুম নওয়াজ ১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পিএমএল-এনের প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় নওয়াজ শরীফ সরকারকে বাতিল করে দেন পারভেজ মোশাররফ। সেই সঙ্গে শরীফ পরিবারের সকলকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে নওয়াজ শরীফ পরিবার সূত্রের উদ্ধৃতি দিয়ে ডেইলি পাকিস্তান জানিয়েছে, আগামী শুক্রবার মরিয়ম নওয়াজকে দাফন করা হবে।
পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর একটি সূত্রের বরাতে ডেইলি পাকিস্তান জানিয়েছে, দাফনের সময় নওয়াজ শরীফ, মেয়ে মরিয়ম নওয়াজ এবং জামাতা ক্যাপ্টেন (অব) সফদারকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। সূত্র : ডন ও ডেইলি পাকিস্তান
