সাবেক বিচারপতি আমিরুল কবীর চৌধুরী আর নেই

একুশে বার্তা ডেক্স : জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও আপিল বিভাগের সাবেক বিচারপতি আমিরুল কবীর চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১ মে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর ছোট জামাই রাজিন আহমেদ বলেন, বার্ধক্যজনিত সমস্যায় গত ২৫ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। অবশেষে আজ মঙ্গলবার তিনি ইন্তেকাল করলেন।

প্রয়াত আমিরুল কবীর চৌধুরীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ধানমন্ডির ঈদগাও মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার বাদ জোহর চট্টগ্রামের চাদগাঁও আবাসিক এলাকার জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।