সেই এসপির চায়ের দাওয়াতে বিএনপি নেতা হাসান সরকার : বের হয়েই সাংবাদিকদের বললেন খারাপের বিরুদ্ধে সব সময়ই অভিযোগ থাকবে, ওনি আইজিপি হলেও থাকবে

ডেক্স রিপোর্ট : গাজীপুরের পুলিশ সুপারের চায়ের দাওয়াতে তার কার্যালয়ে গেলেন গাজীপুর সিটি নির্বাচনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এসপির সঙ্গে সাক্ষাত শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘বৃহস্পতিবার গাজীপুরের আদালতে মামলার হাজিরার তারিখ ছিল। আদালতে হাজিরার পর ফোনে গাজীপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা হয়। এসময় তিনি আমাকে তার কার্যালয়ে চায়ের দাওয়াত দেন। পরে তার দাওয়াত রক্ষা করতেই দুপুরে তার অফিসে যাই’।

এসপির সঙ্গে সাক্ষাত শেষে বের হওয়ার সময় সাংবাদিকরা এসপির বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা জানতে চাইলে হাসান উদ্দিন সরকার জানান, খারাপের বিরুদ্ধে সকল সময়ই অভিযোগ থাকবে। উনি যেদিন আইজিপি হবেন সেইদিনও থাকবে, এসপি থেকে রিটায়ার্ড করলেও থাকবে। আমি সব সময় খারাপের বিরুদ্ধেই আছি।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পুলিশের ভুমিকা প্রশ্নে হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে প্রতিষ্ঠানে চাকুরি করেন সেই প্রতিষ্ঠানের ফুল অথরিটির নির্দেশ ছাড়া যেমন সাংবাদিকরা চলতে পারবেন না। পুলিশের বেলায়ও তাই।

এসপি মোহাম্মদ হারুন অর রশীদ জানান, উনি কোর্টে এসেছিলেন জামিন নিতে। কোর্ট থেকেই তিনি আমাকে ফোন করেন। ফোনে কথা বলার সময় আমি তাকে চা পানের আমন্ত্রণ জানাই। পরে তিনি আমার কার্যালয়ে আসেন এবং চা পান ও সৌজন্য সাক্ষাত করে চলে যান। তিনি নির্বাচন নিয়ে কোন ধরনের অভিযোগ করেননি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ ও গোলাম সবুর উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার মেজর (অব.) মিজান সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, তাঁর এবং বিএনপি নেতা ফজলুল হক মিলনের অডিও আমাদের কাছে আছে। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি। বেসিক্যালী তারা চেয়েছিল নির্বাচনের দিন একটা অরাজকতা করে গোলযোগ করে একটা সমস্যা সৃষ্টি করতে। তাদের আলাপের অডিওটা পাওয়ার পর আমরা এলার্ট ছিলাম, যে কারণে গাজীপুরে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী সময়ে কোন ঝামেলা হয়নি। অডিও’র বিষয়টি আমরা আরো গভীরভাবে তদন্ত করছি।

প্রসঙ্গতঃ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পরাজিত হন।