‘৮১’ সালে শেখ হাসিনা দেশে না ফিরলে দেশ পাকিস্তান হয়ে যেতো’

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যেত। গতকাল রাজধানীর শাহবাগে পাঠক সমাবেশের কার্যালয়ে সুভাষ সিংহ রায়ের লেখা ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে এইচটি ইমাম আরও বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না এলে স্বাধীনতাবিরোধীরা এতদিনে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানিয়ে ছাড়ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য জয়দেব নন্দী প্রমুখ। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকা-ের সময় বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর দীর্ঘদিন প্রবাসে থেকে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে ফিরে অসেন। দেশে আসার পর নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যান। শেখ হাসিনার সেই সময়ের জীবনসংগ্রাম নিয়ে এ বই লিখেছেন সুভাষ সিংহ রায়। এ ছাড়া ২০০৭ সালের ৭ মে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে লন্ডন থেকে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সুভাষ সিংহের বইয়ে এ বিষয়টিও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। সূত্র : আমাদের সময়