অক্টোবরের পরে আ.লীগ নেতাদেরও বিদেশ সফরে অলিখিত নিষেধাজ্ঞা!

ডেক্স রিপোর্ট : : নির্বাচনকালীন সরকার গঠন এবং নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে আওয়ামী লীগের নেতৃস্থানীয় সকল নেতাদের বিদেশ সফর না করার জন্য দলীয়ভাবে অলিখিত নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনি তফসিল ঘোষণাপরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কী হয় তার জন্য স্থানীয় নেতাদেরও নিজ নিজ এলাকায় থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা এ প্রতিবেদককে জানিয়েছেন, নির্বাচনের আগে হজ এবং এই ঈদে অনেকেই বিদেশে অবস্থান করছেন। ধর্মীয় বিষয় ছাড়া যারা নিজ নিজ এলাকা ছেড়ে বিদেশে আনন্দ ভ্রমণে গেছেন তাদের উপর ক্ষুব্ধ হয়েছেন শীর্ষমহল। নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের পাশে থাকা এবং মাঠ গোছানোর কাজ না করা এসব নেতাদের তালিকা তৈরি করা হচ্ছে। পবিত্র ঈদের দিনে নিজ নিজ নির্বাচনি এলাকায় না গিয়ে ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে মুখ দেখানো নেতাদের উপর ক্ষুব্ধ দলের নীতিনির্ধারকরা। একটি অনুষ্ঠানে এমন কয়েকজনের কাছে জানতেও চাওয়া হয়েছে কেন তারা ঢাকায় অবস্থান করছেন।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপি চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেয়ায় তা মোকাবিলার জন্য আওয়ামী লীগের সকল স্তরের শীর্ষ নেতাদের স্ব স্ব এলাকায় অবস্থানের নির্দেশনা দেয়া হয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি যাতে বিশৃঙ্খলা ছড়াতে না পারে এবং মাঠ যাতে অন্য কারো দখলে না যায় তার জন্যই এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। দলীয়ভাবে একে একে এ নির্দেশনা পৌঁছে দেয়া হচ্ছে।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের ২২তম অধিবেশন। এটিই চলতি জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন। ঈদের আগে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হয়। সেসময় চিফ হুইপ আ স ম ফিরোজ সকল সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার জন্য কেন্দ্রীয় নির্দেশনা পৌঁছে দেন। সে অনুযায়ী অনেক সংসদ সদস্যই নিজ নিজ নির্বাচনি এলাকায় যাননি। ওইদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও দেখা গেছে অনেক সংসদ সদস্যকে। এর পরপরই এলাকায় না যাওয়া সংসদ সদস্যদের বিষয়ে খোঁজখবর নেয়া শুরু হয়।

চিফ হুইপ আ স ম ফিরোজ জানান, নির্দেশনা অনুযায়ী ঢাকার কাজ ছাড়া অবস্থান করা অনেক সংসদ সদস্যের বিষয়ে খোঁজ-খবর নেয়া হয়েছে। সংসদ সদস্যের অনেকে ঈদ করতে দেশের বাইরে অবস্থান করছেন। তবে বেশিরভাগ সংসদ সদস্যই নিজ নিজ সংসদীয় এলাকায় অবস্থান করেছেন বলে জানান তিনি।

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক জানান, জাতীয় শোক দিবস ও ঈদ উপলক্ষে দীর্ঘদিন নির্বাচনি এলাকায় থেকে গতকাল ঢাকায় ফিরেছেন। এ সময়ে এলাকার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও ঈদের আগে বিপুল সংখ্যক দরিদ্র মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এ ছাড়াও দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

নিজ নির্বাচনি এলাকা সফর শেষে শনিবার ঢাকায় ফেরা ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন জানিয়েছেন, ঈদ উপলক্ষে তিনি এক সপ্তাহ নির্বাচনি এলাকায় ছিলেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদ করেছেন। তাদের জন্য ভোজের ব্যবস্থা করেছেন। ঈদের এই সময়ে নির্বাচনি এলাকার নেতা-কর্মীদের নিয়ে বসেছেন। নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেছেন। এ সময়ে বেশ কিছু উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি।