আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO-Capped Aviation Security National Inspectors Course সফলভাবে সম্পন্ন

প্রেস রিলিজ: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে অনুষ্ঠিত ICAO-Capped Aviation Security National Inspector Course সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন আইকাও ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।

০৭ কর্মদিবসব্যপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করেন। প্রশিক্ষণটির মূল লক্ষ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি কার্যক্রমে দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক (National Inspector) তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল, সদস্য (নিরাপত্তা), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (বেবিচক)। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার চক্রবর্তী, পরিচালক, সিভিল এভিয়েশন একাডেমি। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, আসন্ন ICAO Security Audit -এ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের যথাযথ ট্রেনিং প্রদানের মাধ্যমে।