আইসিটি আইনের মামলায় গৃহবধূ ফারিয়া ৩ দিনের রিমান্ডে

একুশে বার্তা প্রতিবেদন : নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে র‌্যাবের হাতে গ্রেফতার ফারিয়া মাহজাবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধানমণ্ডির নার্ডি বিন কফি হাউসের মালিক ফারিয়া মাহজাবিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে উসকানিমূলক বক্তব্য ও গুজব ছড়িয়েছেন।

শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাজারীবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই মকবুলুর রহমান জানান, নিরাপদ সড়ক আন্দোলন চলাকালীন ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হাজারীবাগ থানার হাজী আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে তাকে আটক করে র‌্যাব-২। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়। ফারিয়া নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন।