আওয়ামী লীগ-যুক্তফ্রন্ট সংলাপ : ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই’

ডেক্স রিপোর্ট ; গণভবনে যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিকল্প ধারার সভাপতি প্রফেসর বি. চৌধুরী। সন্ধ্যা সাড়ে সাতটায় দুপক্ষের মধ্যে সংলাপ শুরু হয়।

যুুক্তফ্রন্টের নেতাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। যাতে জনগণ তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে। তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এ ধারা অব্যাহত থাকুক এবং উন্নয়নের গতি সচল থাকুক। প্রধানমন্ত্রী বলেন, অনেক ঘাত প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখছি।

জনগণের কল্যাণে কাজ করছি। দেশ এগিয়ে যাচ্ছে।  এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এটাই আমরা চাই। গণতান্ত্রিক ধারা বজায় থাকলে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, আমরা সেই সুযোগ সৃষ্টি করতে চাই। প্রধানমন্ত্রী প্রথমে গণভবনে আসার জন্য যুক্তফ্রন্টের নেতাদের স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বলেন, গণভবন জনগণের ভবন। আপনারা এখানে এসেছেন এজন্য ধন্যবাদ জানাই।