আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স : চারদিনের সফরে আজ  ৩ অক্টোবর বৃহস্পতিবার ভারত  সফরে যাচ্ছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দশ থেকে বারটি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে এ চুক্তি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।কমবেশি এক ডজন চুক্তি বা সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরো এগিয়ে নিবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২০৩০) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দিল্লির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টায় ফ্লাইটটির নয়া দিল্লি পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকা-নয়া দিল্লি কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে,  অক্টোবরে প্রধানমন্ত্রী সফরটি পূর্ব নির্ধারিত ছিলো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে তার ভারত  সফরের  বিষয়ে ঢাকায় এসে  কথা বলে গিয়েছেন।

প্রথমে কথা ছিল, ৩ ও ৪ অক্টোবর নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনমিক সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এই সফরটিকে নয়া দিল্লি একটি দ্বিপাক্ষিক সফরে পরিণত করার আগ্রহ দেখালে ঢাকা তাতে সাড়া দেয়।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আগামী শনিবার (৫ অক্টোবর) সকালে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে যুব উন্নয়ন, বন্দর ব্যবহার, যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, প্রতিরক্ষা, পানি, সমুদ্র অর্থনীতি, নিরাপত্তা ও জ্বালানি গুরুত্ব পাবে বলে জানা আশা করা  যাচ্ছে।