এবার শাহজালালে পাকস্থলিতে মিলল ২৮০ পিচ ইয়াবা

একুশে বার্তা রিপোর্ট  : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ২৮০ পিস ইয়াবাসহ মোঃ শাকিল মিয়া (২৫) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হলেও শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিএস ১৪৬) ঢাকায় আসেন শাকিল। এরপর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনক চলাফেরার কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেন।পরে তাকে তল্লাশি ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন তিনি পাকস্থলিতে ইয়াবা বহন করছেন।

আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হলেও ইয়াবাগুলো পাকস্থলি থেকে বের করতে ১৮ ঘণ্টা সময় লেগেছে। তার পাকস্থলি থেকে একে একে করে কয়েকটি পোটলায় মোট ২ হাজার ২৮০ পিস ইয়াবা বের করা হয়। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ১১ লাখ টাকা বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে শাকিল জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফের জনৈক আবিরের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছেন। জনৈক পারভেজের অর্থায়নে ইয়াবাগুলো বহন করছিললেন বলেও জানিয়েছেন।

শাকিল রাজধানীর খিলক্ষেতের ডুমনি এলাকার নয়াপাড়া গ্রামের মো. শাহাজদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।