একুশে বার্তা প্রতিবেদন : নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ বৃহস্পতিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কাল শুক্রবার মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। ১৪ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে আদেশ জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, শোক দিবসে বাংলাদেশের সব সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান বা ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচীও বৈঠক থেকে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশী। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই মঙ্গলবার দেশে ফিরে আসেন। এরপর সংশ্লিষ্টদের নিয়ে বুধবার সকালে তিনি নিজের কার্যালয়ে জরুরী বৈঠকে বসেন।
দুর্ঘটনার পরবর্তী করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের এ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, তিন বাহিনীর প্রধান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য তৃতীয় কোন দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান নজিবুর রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এভিয়েশন নিরপত্তা আইন যথাযথভাবে অনুসরণ করার জন্যও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
