একুশে বার্তা ডেক্স : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘাইহাটের করল্যাছড়ি এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সুনীল চাকমা সনজিত (৩০), অটল চাকমা (৩০) ও স্মৃতি চাকমা।
ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার সংগঠক জুয়েল চাকমা জানান, এ হত্যাকাণ্ডের জন্য নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতি (এম এন লারমা) দায়ী।
ইউপিডিএফ প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ভোরে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসঙ্গে থাকা আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে।’ তিনিও এ হত্যাকাণ্ডের জন্য সংগঠন দুটিকে দায়ী করেছেন।
বাঘাইছড়ির সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেছেন, ভোরে একটি বাসায় হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের (গণতান্ত্রিক) মুখপাত্র লিটন চাকমা। তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তিনি।
