নিউজ ডেক্স : টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এ নির্দেশ দেন।
এর আগে রাত “টাঙ্গাইলে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি, বিএনপি নেতা বললেন ‘কার্যালয়ের খরচ’” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফকে ফোন করা হয়। এ সময় তাঁকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণিত হলে অভিযুক্ত দুই নেতাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।
বহিষ্কারের নির্দেশ পাওয়া নেতারা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও একই ট্রাকমালিক সমিতির সহসভাপতি কবির সিকদার।
অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে ঘটনার সত্যতা যাচাই করতে বলা হয়। পরে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর রাত ১০টার দিকে সংশ্লিষ্ট দুই নেতাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে হাঁটুভাঙ্গা সেতুর উত্তর পাশে চেয়ার বসিয়ে ট্রাক থামিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করেন সোহেল ও ইউসুফ নামের দুই ব্যক্তি। ১৩ নভেম্বর শুক্রবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
