আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত :কাঁদলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার : শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান  কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার বাদ আসর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তার মা খালেদা জিয়া। চেয়ারে বসে প্রায় আধা ঘণ্টা  কোরআন শরিফ  তেলাওয়াত করেন। কবর জিয়ারত শেষে  ছেলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি  চেয়ারপারসন।মোনজাতে অংশ নিয়ে ছেলের জন্য আল্লাহর দরবারে কেদে কেদে  দোয়া করেন। এ সময়  খালেদা জিয়ার সঙ্গে মোনাজাতে অংশ নেন পরিবারের সদস্যবৃন্দ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোকোর বড় খালা, এক মামা, দুই মামী প্রমুখ। দলের  নেতাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ  হোসেন, রুহুল কবির রিজভী, গাজী মাজহারুল আনোয়ার, আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, ফজলুল হক মিলন, আমিনুল হক, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, মামুন হাসান, শফিউল বারী বাবু, এসএম জাহাঙ্গীর, রাজীব আহসান প্রমুখ।

কোকোর রুহের মাগফিরাত কামনা করে সকাল  থেকেই কবরের পাশে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে ফাতেহা পাঠ, কুরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সময়ে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।