একুশে বার্তা ডেক্স : বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বামপন্থী দলের সঙ্গে ঐক্য চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হতে বামদলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আজকে একটি বিষয় ভালো লাগছে যে বামপন্থীরা এক সুরে কথা বলছেন। সেটি হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তারা নেই। এই উচ্চারণ যারা করেছেন, আসুন না আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি গড়ে ফেলি, অসুবিধাটা কোথায়?
সেতুমন্ত্রী বলেন, কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন আট-দলীয় জোটের অনেকের সঙ্গে আমরা একসঙ্গে ছাত্ররাজনীতি করেছি। তাদের আদর্শের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। এখানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এই প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।
ওবায়দুল কাদের বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই- আমরাও জাতীয় ঐক্য চাই। আমরা জাতীয় ঐক্য চাই- সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে। আমরা জাতীয় ঐক্য চাই- স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে।
আমরা জাতীয় ঐক্য চাই- নষ্ট রাজনীতির বিরুদ্ধে। আমরা জাতীয় ঐক্য চাই- দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা জাতীয় ঐক্য চাই- মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সঙ্গে। এ দেশের জন্মের চেতনা নিয়েই আমরা জাতীয় ঐক্য চাই।
নির্বাচন সামনে রেখে ছক করে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার বিএনপির এ অভিযোগের জবাবে তিনি বলেন, ইতিহাসটা দেখুন। ফেরিতে প্লেট চুরির জন্য আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা করেছিল কারা? কত মামলা নিয়ে আমরা নির্বাচনে গেছি? আমাদের হাজার হাজার নেতাকর্মী বাড়িছাড়া। সাধু সাজে কারা? কত মামলায় তারা আমাদের জর্জরিত করেছে?
