ইউএস-বাংলা বিমানের চাকা ফেটে যাওয়ায় জরুরি অবতরণ

একুশে বার্তা রিপোর্ট : কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইউএস-বাংলার একটি অভ্যন্তরীণ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জানা গেছে, আকাশে উড্ডয়নরত অবস্থায় উড়োজাহাজটির চাকা হঠাৎ ফেটে যাওয়ায় পাইলট এ সিদ্ধান্ত নেন।

সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাশ এইট কিউ ৪০০ উড়োজাহাজটির পেছনের ডান পাশের একটি চাকা ফেটে যাওয়ায় পাইলট এটি জরুরি অবতরণ করানোর জন্য শাহজালাল বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের অনুমতি চান। সংকেত পেয়ে তিনি উড়োজাহাজটি নিরাপদেই রানওয়েতে অবতরণ করাতে সক্ষম হন। এ বিষয়ে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের পরিচালক নুর-এ-আলম বলেন, বিমানটি কোনো ক্ষয়ক্ষতি ছাড়া নিরাপদে অবতরণ করেছে।