উত্তরা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ : ১ নারী আটক

একুশে বার্তা রিপোর্ট : রাজধানীর উত্তরা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ সাথী আক্তার (২০) নামের একজন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

শনিবার সকালে উত্তরার ৮ নম্বর সেক্টরের ৯/বি নম্বর প্লট এলাকা থেকে সাথীকে আটক করে ডিএনসির খিলগাঁও সার্কেল। সার্কেল পরিদর্শক মো. সুমনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাথীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সাথীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সুমনুর রহমান আরো বলেন, সাথীর গ্রামের বাড়ি বরিশাল। টঙ্গিতে থাকেন। গাজীপুরের একজন ব্যক্তি তার কাছে একটি ব্যাগ দিয়ে বলেছেন যে, ব্যাগটি নিয়ে উত্তরার ৮ নম্বর সেক্টরে থাকতে। ফোন করে তার কাছে থেকে ব্যাগটি নিয়ে যাবে অপর একজন ব্যক্তি। কিন্তু এর আগেই আমরা সাথীকে আটক করি।

ডিএনসির কর্মকর্তা সুমনুর বলেন, সাথীর কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে গাজীপুরের  এক  ব্যক্তির নাম বলা যাচ্ছে না। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।