একুশে বার্তা প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১ মার্চ বৃহস্পতিবার দলের বক্তব্য-সম্বলিত লিফলেট বিতরণ করবে দলটি।
২৭ পেব্রুয়ারি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে নেয়ার পর প্রথম দফায় ৯ ও ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ এবং দ্বিতীয় দফায় ১২ ফেব্রুয়ারি থেকে টানা তিন দিনের মানববন্ধন, অবস্থান ও ৩ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করে দলটি। তৃতীয় ধাপে সারাদেশে গণ স্বাক্ষর, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং ঢাকা মহানগর বাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। এর পরের ধাপে রাজধানীতে সমাবেশ করতে চাইলেও অনুমতি পায়নি দলটি। এর প্রতিবাদে ঢাকা মহানগরে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ত্রাহি অবস্থা। বর্তমানে সাধারণ মানুষ কোনমতে খেয়ে না খেয়ে বেঁচে আছে। গরিব মানুষরা পেটভরে ভাত খেতে পায় না। বিদ্যুতের অভাবে এই সেচ মৌসুমে কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর সরকার গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে উদ্যোগ নিচ্ছে তা শুধু ধ্বংসাত্মক নয়, গরিব মানুষকে পথে বসিয়ে দেয়ার ষড়যন্ত্র।’
তিনি বলেন, ‘সরকারের এই গণবিরোধী ও জনস্বার্থবিরোধী এবং রক্তশোষণের নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেই বাক স্বাধীনতা, মানুষের মৌলিক-মানবাধিকার তথা বহুদলীয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে। ভয়ঙ্কর এক খেলায় মেতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
রিজভী আরও বলেন, ‘লুটপাট, বেপরোয়া দুর্নীতি ও বিরোধী মত দমনসহ নিজেদের অনাচার ঢাকতে সরকার প্রধানের সারবত্তাহীন হুংকারসর্বস্ব বক্তৃতা, তার মিথ্যা আশাবাদ, লোক দেখানো উন্নয়নের নামে নিজেদের লোকজনের ব্যাপক চৌর্যবৃত্তির সুযোগ এবং বিরোধী দলের ওপর দোষ চাপানোর মধ্য দিয়েই এরা দিন পার করছে। সেজন্য পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রেখেছে। এই দেশকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজ সরকারের মূলোৎপাটন ঘটাতে হবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, ইশতিয়াক আজিজ উলফাত এবং আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
