একুশে বার্তা রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে প্রায় ৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিমানের টয়লেটের টিস্যু বক্সের নিচে অভিনব কায়দায় লুকানো এসব স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা সব সময় তৎপর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে স্বর্ণ আসছে এমন গোপন সংবাদ পাওয়ার পর কর্মকর্তাদের নজরদারি বাড়াতে নির্দেশনা দেয়া হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে বিজি-২৪৮ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তথ্যানুযায়ী, কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বিমানটি তল্লাশি করে। এক পর্যায়ে বিমানের টয়লেটের নিচের ব্যবহৃত টিস্যু পেপার রাখার বক্সের নিচের চেম্বারের মধ্যে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
যার ওজন ৭ কেজি ৮৮ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
