একুশে বার্তা ডেক্স : উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এক ব্যক্তিকে চাকরিতে স্থায়ী না করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। গত ৩ এপ্রিল মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে পাঁচজনকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।
সচিব ড. জাফর আহমেদ খান ছাড়া অন্য যে চারজনের বিরুদ্ধে রুল জারি হয়েছে তারা হলেন—উপসচিব ড. জুলিয়া মঈন, পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু আহমেদ সিদ্দিক, নজিরপুর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুমুর বালা।
আদালতে শুনানি করেন আইনজীবী শামীমা ইসলাম মৌ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি আল আমিন সরকার।
শুনানি শেষে শামীমা ইসলাম মৌ সাংবাদিকদের জানান, পিরোজপুরের নাজিরপুর উপজেলার অফিস সহায়ক পদে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মো. শেখ সাদেককে স্থায়ী নিয়োগ না দিয়ে বাইরে থেকে একই পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিলে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
২০১৫ সালের আদালত সাদেকের পক্ষে রায় দিয়ে তাকে স্থায়ী নিয়োগ দিতে নির্দেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গেলেও সাদেককে নিয়োগের আদেশই বহাল থাকে। কিন্তু এর পরও নিয়োগ না দেওয়ায় সাদেক আদালত অবমাননার আবেদন দায়ের করেন।
