ডেস্ক রিপোর্ট : আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক বিক্রেতা ও ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত হাজী সাইফুল করিম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) দিনগত রাত আড়াইটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফখরুজ্জামান একটি অনলাইন গণমাধ্যমকে বলেন, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সেখানে সাইফুল করিম মারা গেছে।
নিহত সাইফুল করিম টেকনাফ উপজেলার শিলবুনিয়াপাড়া এলাকার ডা. হানিফের ছেলে। ইয়াবা ব্যবসায় তার সম্পৃক্ততা প্রকাশের পর থেকে বিদেশে পালিয়ে ছিলেন তিনি। সম্প্রতি তিনি দুবাই থেকে বাংলাদেশে আসেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইন শৃঙ্খলা বাহিনীর করা ইয়াবা ব্যবসায়ীর তালিকায় শীর্ষস্থানে ছিল সাইফুল করিমের নাম।
সূত্র- বাংলানিউজ
