নিউজ ডেক্স : দীর্ঘদিন ধরে দেশে অবৈধভাবে ক্যাসিনো পরিচালিত হলেও কোনো গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেনি বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এতদিন ধরে ক্যাসিনো পরিচালিত হয়ে আসছে, কই, আপনারা তো কেউ কোনো নিউজ করলেন না। ক্যাসিনো খেলার জন্য এরকম আধুনিক যন্ত্রপাতি এসেছে, আপনারা জানতে পারলেন না ? আমিই তো এদের ধরার উদ্যোগ নিয়েছি। কিন্তু এতগুলো চ্যানেল আছে, আপনারা কেউ নিউজ করতে পারলেন না ? আমরাই এদের ধরব, আবার আমাদেরই প্রশ্ন করবেন সেটা তো হতে পারে না।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান উপলক্ষে আজরবাইজানে চার দিনের সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
বিসিবি’র একজনের ক্যাসিনোতে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা বলেন, ক্যাসিনোর যে প্রসঙ্গ টেনে এনেছেন, সেটা বোধহয় ঠিক না। কে বাইরে কী করছে, সেটার সঙ্গে বিসিবির কোনো সম্পর্ক নেই। খোঁজ করলে সাংবাদিকদের ভেতরেও হয়তো ক্যাসিনোতে জড়িত কাউকে পাওয়া যাবে। তখন কী হবে? আমরা তো অভিযান চালাচ্ছি। কে কখন কিভাবে ধরা পড়বে, বলা যায় না। আমরা কিন্তু ক্যাসিনো ব্যবসায়ীদের ধরেছি। তাদের কেউ বহাল তবিয়তে আছে, সেটাও ঠিক না।
