খালেদাভক্ত শাকিবের চিঠি জেলগেট থেকে ফেরত!

একুশে বার্তা ডেক্স : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘প্রিয় মা জননী’ সম্বোধন করে ভক্ত আলিমেল হাকিম মুনশী শাকিবের পাঠানো চিঠি জেল থেকে ফেরত এসেছে। বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর পোস্ট অফিসের ডাকপিয়ন ফেরত চিঠিটা পৌঁছে দেন।

গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মুনশীর ছেলে আলিমেল হাকিম মুনশী শাকিব। তিনি গৌরীপুর পৌর ছাত্রদলের সহসভাপতি।

২০ ফেব্রুয়ারি খালেদা জিয়ার উদ্দেশে লেখা চিঠিটি রেজিস্ট্রি ডাকযোগে পাঠায় শাকিব। ৪২৫নং রেজিস্ট্রি রশিদমূলে প্রাপকের ঠিকানায় বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, ঢাকা কেন্দ্রীয় কারাগার, পুরাতন নাজিমউদ্দিন রোড, ঢাকা লিখে পাঠানো হয়। ঢাকা পুরাতন কারা কর্তৃপক্ষ গ্রহণ না করায় ২২/০২/১৮ইং ফেরত দেয়। চিঠিটা রেজিস্ট্রিযুক্ত হওয়ায় প্রেরক মো. গোলাম আলিমে হাকিম মুন্সী শাকিব, পিতা- মো. আবদুল খালেক মুন্সী (সাবেক চেয়ারম্যান), গ্রাম- নয়াপাড়া, পো: + উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ এই ঠিকানায় বৃহস্পতিবার (১মার্চ/১৮) গৌরীপুর ডাক বিভাগের পিয়ন পৌঁছে দেন।

পাঠকের জন্য পুরো চিঠিটা তুলে ধরা হলো

প্রিয় মা জননী,

আসসালামু আলাইকুম, আজ আপনি দেশ, জনগণ ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মিথ্যা বানোয়াট মামলায় কারাবন্দি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদতের পরেও দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আপনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করেছিলেন। ৯ মার্চ ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১/১১ দেশ-বিদেশি ষড়যন্ত্রের পরেও আপনি জনগণকে নিয়ে তাহা মোকাবেলা করেছেন।

৫ জানুয়ারি নির্বাচনে জনগণের ভোটের অধিকার আদায়ে গৃহবন্দি হয়ে নিজের সন্তানের মৃত্যুর পরেও নীতিতে অটল ছিলেন, ঠিক তেমনি করে আমরাও আপনার পাশে আছি থাকব, সাজানো মিথ্যা মামলা দিয়ে আপনাকে কারাবন্দি রাখতে পারবে না। মুক্তির অপেক্ষা দেশের তৃণমূল সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, মুক্তি পেয়ে আবারও দেশের নেতৃত্ব দেবেন আপনি, ইনশাআল্লাহ, উঠবে নতুন আশার আলো, সোনালি ধানের শীর্ষে। আল্লাহ হাফেজ।

ইতি

বারবার কারা নির্যাতিত ছাত্রদল কর্মী