একুশে বার্তা প্রতিবেদন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ভিত্তিহীন মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে কি হয়েছে? সারা দুনিয়ার কাছে এই সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে।’
২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘কারাবন্দী দেশনেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত’ শীর্ষক এক মুক্ত আলোচনাসভায় নজরুল ইসলাম এসব কথা বলেন।
ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠন এর আয়োজন করে। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী প্রমুখ।
নজরুল বলেন, ‘সরকারের ভিত্তিহীন মামলার সাজায় খালেদা জিয়ার কোনো ক্ষতি হয় নাই। তবে কারাগারে হয়তো তার কষ্ট হচ্ছে। রাজনীতিবিদ খালেদা জিয়ার কোনো ক্ষতি সরকার করতে পারে নাই। বরং তিনি আগে ছিলেন আপোষহীন দেশনেত্রী, এখন দেশের মানুষের কাছে তিনি হয়েছেন মা। মায়ের চেয়ে সম্মানিত কেউ আছে এই দুনিয়ায়?
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী, একজন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতির স্ত্রী, বিএনপির মতো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক একটা দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তার নিজের স্বামীর নামে গঠন করা কোনো এতিম তহবিল, ট্রাস্টের টাকা তসরুফ করবেন-এটা কেউ বিশ্বাস করে না। যেকোনো সাধারণ বিচার-বুদ্ধি সম্পন্ন লোক এটা বিশ্বাস করেন না। বাংলাদেশের সাধারণ মানুষও বিশ্বাস করে না।’
নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মতো মানুষ যদি চাইতেন যে তার দুই কোটি টাকা প্রয়োজন, একদিনও লাগতো না, তারও কম সময়ের মধ্যে দেশের সাধারণ মানুষরা এর চাইতে বেশি টাকা দিত। এতিমের তহবিল থেকে নেওয়া লাগবে কেন? বাংলাদেশের মানুষ বোকা নয়। বার বার তারা প্রমাণ করেছে ও দিয়েছে যে তারা সচেতন এবং সুযোগ পেলে আবারও দেবে।’
