খালেদার মুক্তির দাবি: ঢাকার পর বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি

একুশে বার্তা প্রতিবেদন : খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন- এ দুই দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে  সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত ৩ মার্চ সন্ধ্যায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি যৌথসভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন। যৌথসভায় দলের নেতারা চেয়ারপারসনের আইনি লড়াই, জামিনে বিলম্ব ও চলমান শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিগুলোর নানা দিক পর্যালোচনা করেছেন। বিভাগীয় শহরগুলোতে সমাবেশ ছাড়াও পদযাত্রা, কেন্দ্রীয় নেতাদের তৃণমূলে সফর, প্রশাসনের সঙ্গে মতবিনিময়সহ বেশকিছু কর্মসূচির প্রস্তাবও দিয়েছেন নেতারা। সেই সঙ্গে খালেদা জিয়ার জামিনে ফের বিলম্ব হলে আন্দোলন কর্মসূচিতে কিছুটা কঠোরতা আনা এবং নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার প্রস্তাবও এসেছে। তবে শিগগির দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচিগুলো চূড়ান্ত হবে।