একুশে বার্তা রিপোর্ট : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারা অভ্যন্তরে স্থাপিত আদালতে বিচার চলবে কিনা- সে বিষয়ে আদেশ আজ। খালেদা জিয়ার জামিনের বিষয়েও আজ আদালত সিদ্ধান্ত দেবেন।
১৩ সেপ্টেম্বর কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক (ঢাকার ৫ নম্বর বিশেষ জজ) ড. মো. আখতারুজ্জামান শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবীরা সেদিন আদালতকে বলেছিলেন, তিনি (খালেদা জিয়া) কেন আদালতে আসছেন না, তার শরীরের অবস্থা কি- সব কিছু দেখার জন্য এবং কথা বলার জন্য তার সঙ্গে দেখা করা দরকার।
খালেদা জিয়ার সঙ্গে কথা বলে এসে আদালতে তারা শুনানি করবেন বলেও বিচারককে অবহিত করেন। সে অনুযায়ী খালেদা জিয়ার ব্যক্তিগত দুই আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার বুধবার বিকাল ৪টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি (সানাউল্লাহ মিয়া) বলেন, ‘আদালতে যাওয়ার ব্যাপারে ওনার (খালেদা জিয়া) কোনো অনাগ্রহ নেই। তিনি আমাদের বলেছেন তিনি সুস্থ হলে আদালতে যাবেন। তার অসুস্থতা নিয়ে রাষ্ট্রপক্ষ আদালতকে ভুল বুঝিয়েছে। অথচ ছেলের মৃত্যুবার্ষিকীর দিনও তিনি (খালেদা জিয়া) আদালতে গিয়েছেন। কারাগারের ভেতর যে আদালত বসানো হয়েছে, সেটির অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে বসে থাকার পরিবেশ নেই।’
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে সানাউল্লাহ মিয়া বলেন, ‘তিনি (খালেদা) সুস্থ থাকলে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত আদালতে যেতেও তার সমস্যা নেই।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হতে চান। তিনি বিএসএমএমইউ হাসপাতালে যাবেন কিনা এ বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত দেবেন।’
এদিকে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কারাবন্দি খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যে কোনো দিন তাকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে বিএসএমএমইউতে নেয়া হতে পারে। বিষয়টি খালেদা জিয়াকেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
তবে বিএসএমএমইউতে ভর্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি খালেদা জিয়া। এ বিষয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার পর তিনি সিদ্ধান্ত দেবেন। খালেদা জিয়ার আইনজীবী এবং কারা সূত্রে এসব তথ্য জানা গেছে। খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তির জন্য রোববার সুপারিশ করে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে বিএসএমএমইউতে যান আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করলে কোথায় রাখা হবে, কিভাবে তার চিকিৎসা চলবে এসব বিষয়ে বিএসএমএমইউর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি।
