খালেদা জিয়ার জামিন শুনানি ৭ জানুয়ারি

একুশে বার্তা ডেক্স : কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮জন যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ফের পিছিয়ে আগামী ৭ জানুয়ারি ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম শামছুল আলম ২৫ নভেম্বর রোববার দুপুরে এ আদেশ দেন।

এর আগে এ মামলায় গত ১১ নভেম্বর কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আবদুর রহিম শুনানির দিন ২৫ নভেম্বর ধার্য করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য রোববার ধার্য তারিখ ছিল। এ মামলায় জামিনপ্রাপ্ত অপর ১০ জন আসামি আদালতে হাজির না হয়ে রোববার আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন। এতে রাষ্ট্রপক্ষ থেকেও খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ও জামিন শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত আগামী ৭ জানুয়ারি জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করে।

বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাড. কাইমুল হক রিংকু সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার জামিনের শুনানি রাষ্ট্রপক্ষের বারবার সময়ের আবেদনের প্রেক্ষিতে এ পর্যন্ত  তিন দফা পেছানো হয়েছে।

আদালত আগামী ৭ জানুয়ারি চতুর্থ দফায় শুনানির তারিখ নির্ধারণ করেছে। এভাবে সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ জামিন শুনানি বিলম্বিত করছে। এতে খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭জন ও হাসপাতালে নেয়ার পর একজনসহ বাসের ৮ যাত্রী নিহত হন। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় ২ বছর ১ মাস তদন্ত ও পুলিশসহ ৬২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম গত বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন