গণতন্ত্রের বাইরে চলে গেলে কোন শক্তি দিয়েই জনমতকে প্রতিহত করা যায় না : ফখরুল

একুশে বার্তা ডেক্স : জনগণের ঐক্য সৃষ্টি করে কারাগারের শৃঙ্খল ভেঙে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ১১ মে  শুক্রবার সকালে  রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘দেশনেত্রীর রাজনীতি, সংগ্রাম ও সফলতার ৩৪ বছর’ পূর্তি উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে এ হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাই এবং মুক্তি দাবি করছি। অন্যথায় জনতার ঐক্য সৃষ্টি করে কারাগারের শৃঙ্খল ভেঙে তাকে আমরা মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।’

দেশবাসীর উদ্দেশ্যে  ফখরুল বলেন, ‘আসুন আমরা সবাই জাতীয় ঐক্য সৃষ্টি করি। জাতীয় ঐক্য সৃষ্টি করেই এ ভয়াবহ দানব, যে আমাদের সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে তাকে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠিত করি। এটাই হোক আমাদের লক্ষ্য। সেই কারণে আমরা সকল দল, মত ও নেতৃত্বকে আবারও আহ্বান করছি- দেশনেত্রী যে আন্দোলন চালাচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন- আসুন আমরা সবাই সেই আন্দোলনে শরিক হয়ে আমাদের দেশ ও গণতন্ত্রকে মুক্ত করি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করবো, মালয়েশিয়ার দিকে তাকান। দেখুন, কীভাবে জনগণ সত্যের পক্ষে সাড়া দিয়েছে। দুর্নীতি করলে, জনগণ ও গণতন্ত্রের বাইরে চলে গেলে কোনও শক্তি দিয়েই জনমতকে প্রতিহত করা যায় না। সেখানে জনমত প্রতিষ্ঠিত হয়। মালেশিয়াতে সেটাই প্রমাণিত হয়েছে।’

খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “গতকাল আমার ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, ‘শেষ দিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা জয়লাভ করবো- ইনশাআল্লাহ’। এটা বুঝেই ক্ষমতাসীনরা পুলিশ দিয়ে নির্বাচনী মাঠ দখল করে নিচ্ছে। আজকে পুলিশ প্রধানও প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন।”

বেগম জিয়াকে হাইকোর্ট জামিন দেয়ার পরেও সুপ্রিম কোর্ট তাকে আটকে রেখেছে-অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। কিন্তু সরকার পক্ষ কোনও প্রমাণ দেখাতে পারেনি। বেগম জিয়াকে কারাগারের ভেতরে আটকে রেখে আবারও তারা (সরকার) একদলীয় নির্বাচনের ব্যবস্থা করতে চায়।’

আলোকচিত্র প্রর্দশনীর আয়োজক ফটো সাংবাদিক বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল ও জাসাসের সহ-সভাপতি শায়রুল কবির খান প্রমুখ বক্তব্য রাখেন।