সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে এক মাদক ব্যবসায়ীর গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতদের মধ্যে পুলিশের দুই সদস্যকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, শনিবার রাতে গোপালপুর পৌরসভার কোনাবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ শফিকুল ইসলাম নামের একজনকে ৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার নামে মাদকদ্রব্য আইনে মামলাও করা হয়। গতকাল রবিবার সকালে শফিকুলের এলাকার লোকজন সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ। এ সময় ৬ পুলিশ সদস্য আহত হয়। আহতদের মধ্যে ২ পুলিশ সদস্যকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সুমন ও সোহেল নামে দুইজনকে আটক করা হয়। এদিকে গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা অভিযোগ করেন, নিরীহ মসলা মিলের মালিক শফিকুলকে পুলিশ গ্রেফতার করে। রবিবার সকালে তার স্বজনরা গোপালপুর থানায় শফিকুলকে দেখতে গেলে পুলিশের সাথে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পুলিশ তাদের উপর লাঠিচার্জ করলে ১২ বছরের এক কিশোরীর হাত ভেঙে যায়। এ খবর কোনাবাড়ী গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ কোনাবাড়ি গ্রামে গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে ২৭ রাউন্ড গুলি ছুড়ে এবং বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নারী ও শিশুদের উপর লাঠিচার্জ করে। :
