স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আবারও নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) এর ১২০ কেজির একটি চালান জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার সকালে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস এলাকা থেকে চালানটি জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার বলেন, গ্রিন টি হিসেবে আমদানি করা ৬ কার্টনে ভরা ১২০ কেজি খাত উদ্ধার হয়েছে। এই চালানটিও ইতিপূর্বে গ্রেপ্তার আমদানিকারক মোহাম্মদ নাজিমের প্রতিষ্ঠানের নামেই এসেছে।
তিনি আরও জানান, এর আগেও নাজিমের নামে তিনটি চালানে আসা খাত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট বিমানবন্দর ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে প্রথম বারের মতো ৮৬১ কেজি এনপিএসসহ আমদানিকারক মোহাম্মদ নাজিমকে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চালানটি বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু সেদিন চালানটি আসেনি। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে রুট পরিবর্তন করে বড় কনটেইনারের মাধ্যমে চালানটি বৃহস্পতিবার দেশে আনা হয়েছে। পরে শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খাতের চালানটি পাওয়া যায়।
