‘ঘুষের’ সাড়ে ১৪ লাখ টাকাসহ সওজ প্রকৌশলী গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট :  ঘুষ নেওয়ার সময় বরগুনার সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়াকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার বিকেল ৩টার দিকে নিজ কার্যালয়ে ঘুষের ১৪ লাখ ৫০ হাজার টাকাসহ ওই প্রকৌশলীকে গ্রেপ্তার করে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

দুদক ঢাকা কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক গোপন সূত্রে সংবাদ পান, প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়া বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে ঠিকাদারি কাজের চেক ইস্যু করে ঘুষ বাবদ ১৫ লাখ টাকা নিচ্ছেন। এ খবর পেয়ে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষ দল তার অফিস কক্ষে গিয়ে ঘুষের ১৪ লাখ ৫০ হাজার টাকা হাতে-নাতে উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বরগুনা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান দুদকের ওই কর্মকর্তা।