ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি- রাজ ভিসিকে লিগ্যাল নোটিশ

একুশে বার্তা প্রতিবেদন : কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার জেনারেলকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের ১৩ আইনজীবী। আজ দুপুরে ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ ১৩ আইনজীবী এ নোটিশ পাঠান।

জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নোটিশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে না জানালে বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশ পাঠানো আইনজীবী অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া।

এই আইনজীবী আরও জানান, কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সুরক্ষা এবং তাদের উপর হামলার পরিপ্রেক্ষিতে আইনী ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে এ নোটিশ পাঠানো হয়েছে।

গত ৩০ জুন ও ১ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারিদের ঠেকাতে শিক্ষার্থীদের হামলা চালায় ছাত্রলীগ। ওই হামলায় তাদের অনেকেই আহত হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়।