টাঙ্গাইলে ডা. বাছেদের বাসায় কেয়ারটেকারের লাশ

সংবাদদাতা : টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়া থেকে শামীম হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা. মো. আব্দুল বাছিতের বাসার নিচতলায় এক্সরে রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

শামীম মধুপুর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাইদকাই গ্রামের শাহজাহানের ছেলে। তিনি আব্দুল বাছিতের বাসার কেয়ারটেকার ছিলেন।

ডা. মো. আব্দুল বাছিত জানান, গত মঙ্গলবার (২ জুলাই) থেকে শামীম হোসেনকে কোথায় খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজনকে জানানো হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) বাসার নিচতলায় প্রচন্ড গন্ধ বের হয়। পরে তিনি কোথাও কোনো ইঁদুর বা বিড়াল মরে রয়েছে কিনা অন্যান্য কেয়ারটেকারদের খোঁজ নিতে বলেন।

এসময় মো. সায়েম নামে একজন বাসার নিচতলায় এক্সরে রুমের দরজা খুলতেই শামীমের লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় বাসার লোকজন এসে পুলিশে খবর দেয়।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।