সংবাদদাতা : টাঙ্গাইল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ টি বাসার ৪৭টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ১৪ নভেম্বর বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়া ও কোদালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধান এবং সুচি রানী সাহা নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, অভিযোগের ভিত্তিতে সাবালিয়া এলাকার ছানোয়ারা বেগম ও কোদালিয়া এলাকার শাহজাহান মিয়া, জাহেদা খাতুন, মেহের আফরনের বাসায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ৪৭টি অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড টাঙ্গাইলের সহকারি ব্যবস্থাপক (রাজস্ব) তৌফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
