ঢাবির ছাত্রী ধর্ষণ ঘটনা : র‌্যাবের জালে গ্রেফতারকৃত মজনু সিরিয়াল রেপিস্ট ও ছিনতাইকারী

নিউজ ডেক্স : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণকারী একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম মজনু, বয়স আনুমানিক ৩০ বছর। বুধবার শেওড়া রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় এবং দুপুর দেড়টার দিকে তাকে কাওরানবাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়। পরে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে লেফটেনেন্ট কর্নেল সরওয়ার বিন কাসেম জানান, গ্রেফতারকৃত মজনু একজন সিরিয়াল ধর্ষক ও এর আগেও সে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের কথা স্বীকার করে মজনু। সে জানায়, তার বাড়ি নোয়াখালির হাতিয়ার জাহাজমারা গ্রামে। বাবা ও স্ত্রী মারা গেছেন। বাড়িতে মা থাকলেও পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার। সে পেশায় ভবঘুরে হকার হলেও বিভিন্ন সময় চুরি ও ছিনতাই করতো।

একই সঙ্গে বিভিন্ন সময় সে মানসিক প্রতিবন্ধীসহ একাধিক গরীব ও ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলেও স্বীকার করে।

প্রাথমিকভাবে র‌্যাবকে সে জানায়, রোববার রাতে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য যায় মজনু। সেখানে ওই শিক্ষার্থীর ব্যাগ দেখে সে ছিনতাইয়ের জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় সে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে ও একই সঙ্গে হত্যারও চেষ্টা করে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, গ্রেফতারকৃত যুবককে ওই শিক্ষার্থীর সামনে হাজির করা হলে এক দেখাতেই তাকে ধর্ষক হিসেবে শনাক্ত করেন মেয়েটি।

প্রসঙ্গত, গত রোববার রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন এক শিক্ষার্থী। পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। ক্ষোভে ফুঁসে ওঠে ঢাবি ক্যাম্পসসহ সারাদেশের শিক্ষাঙ্গন।