সংবাদদাতা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এই দল মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশে পরিবর্তন ঘটাতে হবে। আর পরিবর্তন ঘটাতে লাঙলে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।
৮ জানুয়ারি সোমবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ আবদুল মজিদ বালক উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত জনসভায় হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশে হত্যা, গুম, চাঁদাবাজি বেড়ে গেছে। এ থেকে উত্তরণ পেতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। লাঙলের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এক লাখের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। তাই আবারও জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।
জনসভায় এরশাদ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হিসেবে শামীম হায়দায় পাটোয়ারীর নাম ঘোষণা করেন। এ সময় শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে উপস্থিত জনসাধারণকে লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, রংপুর সিটি কপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান প্রমুখ।
এরশাদ সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সুন্দরগঞ্জ আবদুল মজিদ বালক উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছান। জনসভা শেষে হেলিকপ্টারে করে বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশে তিনি রওনা দেন।
