ডেক্স রিপোর্ট : জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশি মেহমানদের নিরাপত্তার জন্য ১০ দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী ঢাকা।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন বাহিনীর সমন্ধয়ে গড়ে তোলা হচ্ছে কো-অর্ডিনেশন ডেক্স। রাষ্ট্রীয় অতিথিগণ ও তাদের সফরসঙ্গীদের আগমন বহির্গমন নির্বিঘ্ন করতে এয়ারপোর্ট এপিবিএন, প্রটেকশন বিভাগ, ডিএমপি ও এসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিমানবন্দরে এ কো-অর্ডিনেশন ডেস্ক স্থাপন করতে বলা হয়েছে।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বিদেশি অতিথিদের নিয়ে আসা বিমান বাংলাদেশের আকাশসীমায় পৌঁছামাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধাঘণ্টা সব ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকবে। পাশাপাশি নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে এজন্য বিমানবন্দরে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রানওয়েতে কর্মরত অস্থায়ী কর্মীদের ওইদিন ডিউটি অফ থাকবে।
সূত্র আরও জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথিরা যেসব হোটেলে অবস্থান করবেন সেসব হোটেলের ভেতরে ও বাইরে ইউনিফর্মে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট হোটেলে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে পাকিস্তান ও আফগানিস্তানের কোনো নাগরিক যেন অবস্থান করতে না পারে এজন্য বিশেষ নজরদারি করতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। হোটেলে রাষ্ট্রীয় অতিথিরা যে ফ্লোরে অবস্থান করবেন সেখানে অন্য কোনো অতিথি থাকতে পারবেন না। হোটেলের আশপাশে ফুটপাতসহ ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের বাংলাদেশ সফরকালে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের মোতায়েনের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার ফল যাদের নেগেটিভ আসবে তারাই কেবল ডিউটিতে মোতায়েনের জন্য ‘ফিট’ বলে বিবেচিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে জরুরি প্রয়োজন ছাড়া গতকাল সোমবার থেকে ২৭ মার্চ পর্যন্ত ডিভিআইপি ডিউটিতে নিয়োজিত পুলিশ ইউনিটগুলো ছুটি নিরুৎসাহিত করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথিদের সফর উপলক্ষে ডিএমপি, এসবি, র্যাব, ঢাকা জেলা, গোপালগঞ্জ জেলা ও সাতক্ষীরা জেলাকে সম্ভাব্য সব ঘটনার জন্য প্রস্তুত থাকার পূর্ব পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভিভিআইপিরা চলাচলের সময় কেউ যেন কালো পতাকাসহ অসৌজন্যমূলক বস্তু/পোস্টার/ব্যানার প্রদর্শন করতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, ওরাকান্দি এবং সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী দেবী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কথা রয়েছে। যে কারণে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রীর সফরকালে ওই ভেন্যুগুলোয় কঠোর নিরাপত্তা বলয় থাকবে। নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে আগামী বৃহস্পতিবার ওইসব ভেন্যু পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের।
সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর যেসব রাস্তা দিয়ে ভিভিআইপিরা আসা-যাওয়া করবেন সেসব রাস্তার ফুটপাত ও ফুটওভার ব্রিজে তাদের গমনাগমনের সময় কোনো মানুষ চলাচল করতে পারবে না; ভিভিআইপিরা যেসব হোটেলে অবস্থান করবেন হোটেলসংশ্লিষ্ট রাস্তার ফুটপাতে চলাচলের ওপর বিধিনিষেধ থাকবে। এছাড়াও ভিভিআইপিরা চলাচলের সময় যেন সংযুক্ত সড়ক/অলিগলি/ছোট রাস্তা থেকে মানুষজন মূল রাস্তায় আসতে না পারে সে বিষয়ে স্থানীয় বিট পুলিশিং সদস্যদের সংযুক্ত করে মতবিনিময় সভা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভিভিআইপি ডিউটিকালীন কোনো পুলিশ সদস্য ভিভিআইপির মোটরকেডসহ কোনো বিদেশি অতিথির ছবি মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণ করতে নিষেধ করা হয়েছে। কোনো পুলিশ সদস্যকে রাষ্ট্রীয় অতিথিদের অনুষ্ঠানস্থল ও হোটেলের আশপাশে অপ্রয়োজনীয় ঘোরাফেরা করতেও বারণ করা হয়েছে। ভিভিআইপি ডিউটিতে নিয়োজিত ফোর্সকে দীর্ঘসময় একটানা ডিউটি প্রদান না করতে পরামর্শ দেওয়া হয়েছে। ডিউটিতে মোতায়েন করা ফোর্সকে টেকটিক্যাল বেল্ট, মানসম্মত পোশাক পরতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিউটি শেষে মোতায়েন করা ফোর্সদের উপযুক্ত পুরস্কার প্রদান করে কর্মস্পৃহা বাড়াতে বলা হয়েছে। এছাড়া ইংরেজি ভাষায় পারদর্শী পুলিশ সদস্যদের ভিভিআইপি ডিউটিতে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োজিত করতে বলা হয়েছে।
